চলে গেলেন ‘লম্বি জুদাই’ খ্যাত বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা

মুম্বাই, ১৬ মার্চ – আশির দশকের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। ১৩ মার্চ মুম্বাইয়ে ৭২ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
রোববার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ক্যারিয়ারে প্রধান নায়িকা হিসেবে খুব বেশি পরিচিতি না পেলেও একটি বিশেষ গানের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরো’ ছবির বিখ্যাত গান ‘লম্বি জুদাই’ তে এক যাযাবর নারীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে গভীর ছাপ রেখেছিলেন। পাকিস্তানের কিংবদন্তি লোকসংগীতশিল্পী রেশমার কণ্ঠে গাওয়া এই গানটি আজও সংগীতপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়।
মধু মালহোত্রার অভিনয় জীবনের শুরু হয় ১৯৭৫ সালে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল হরর ঘরানার সিনেমা ‘আন্ধেরা’। পরবর্তীতে দ্য গ্রেট গ্যাম্বলার, সত্তে পে সত্তা এবং কর্জ সহ বহু ছবিতে তিনি ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়ান। নব্বইয়ের দশকেও তাকে হীর রাঞ্জা, কিং আঙ্কেল এবং গুলাম চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ বেওয়াফা থি’ ছবিতে অভিনয়ের পর তিনি ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন। বর্ষীয়ান এই অভিনেত্রীর প্রয়াণে বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এনএন/ ১৬ মার্চ ২০২৬









