সংসদেই সংবিধান সংস্কার জটিলতার সমাধান করতে হবে: জামায়াত আমির

ঢাকা, ১৫ মার্চ – জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন কেন্দ্রিক সৃষ্ট জটিলতার সমাধান জাতীয় সংসদেই করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে এই সমস্যার সমাধান না হলে তারা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন।
রোববার জাতীয় সংসদ অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির জানান, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের বিষয়ে তারা স্পিকারের কাছে নোটিশ দেবেন এবং সংসদের ভেতরেই এর একটি গ্রহণযোগ্য সমাধান চান। যদি সংসদে জনগণের এই প্রত্যাশার বাস্তবায়ন না ঘটে, তবে স্বাভাবিকভাবেই তাদের রাজপথের আন্দোলনে যেতে হবে। তবে তারা শুরুতেই রাজপথের কর্মসূচি চাননি।
স্পিকার বিষয়টি বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, তাই সেই ধারাবাহিকতায় কাজ এগোবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো উপদেষ্টা পর্যায়ের বৈঠকের বিষয় নয়, বরং এটি সংসদের বিষয় এবং সংসদেই এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এরপরও সরকার পক্ষ কোনো প্রস্তাব দিলে তারা সেটি বিবেচনা করবেন।
অন্য একটি প্রশ্নের জবাবে তিনি জানান, সংবিধানে ২০২৬ সালের ভোটের কোনো উল্লেখ ছিল না। প্রেসিডেন্সিয়াল আদেশ সংবিধানের বাইরে গেলে তার একাংশ মানবেন আর অন্য অংশ মানবেন না, এমন দ্বৈত নীতি গ্রহণযোগ্য নয়। মানতে হলে পুরোটিই মানতে হবে।
জনমতই হলো সর্বোচ্চ সংবিধান, যেখানে গণভোটে জনগণ আগেই তাদের রায় জানিয়ে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









