দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ঢাকা, ১৫ মার্চ – দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দিয়েছে সরকার। রোববার ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন নিয়োগ পাওয়া জেলাগুলো হলো গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা এবং চাঁপাইনবাবগঞ্জ। প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শুকরিয়া পারভীনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সরকার গঠনের পর গত ১ মার্চ ওই পাঁচ জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়েছিল। প্রত্যাহার হওয়া উপসচিব পদমর্যাদার ওই কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন এবং সাধারণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো তদারকি করেন। সরকারের বিশেষ কর্মসূচি ও উন্নয়নমূলক কাজও তাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









