জাতীয়

দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পাঁচ সিটি প্রশাসক

ঢাকা, ১৫ মার্চ – দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন নবনিযুক্ত পাঁচ সিটি করপোরেশনের প্রশাসক। রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন। নবনিযুক্ত এই প্রশাসকরা নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।

উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, ময়মনসিংহ সিটি করপোরেশনের রুকুনোজ্জামান রোকন, রাজশাহী সিটি করপোরেশনের মাহফুজুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের মো. ইউসুফ মোল্লা। উল্লেখ্য যে এই পাঁচজন প্রশাসকই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদের মধ্যে বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক, মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language