জাতীয়

ঈদে ঘরমুখো মানুষের ভিড় কমলাপুরে, চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

ঢাকা, ১৫ মার্চ – প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে যাত্রীদের চাপ থাকলেও কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি এবং সবগুলো ট্রেন সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে যাত্রীরা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান আগেই ছুটি হয়ে যাওয়ায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের নিয়ে আগেভাগে বাড়ির পথে রওনা হয়েছেন।

তবে স্টেশনে কয়েকটি ট্রেনের বগিতে নম্বর না থাকায় কিছু যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পবিত্র ঈদুল ফিতর শেষে মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি পুরোদমে চলছে। আজ বিক্রি হচ্ছে আগামী ২৫ মার্চের ফিরতি যাত্রার টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও আন্তঃনগর ট্রেনের সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট এবং ১৪ মার্চ বিক্রি হয়েছে ২৪ মার্চের টিকিট। পর্যায়ক্রমে ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত যথাক্রমে ২৬ থেকে ২৯ মার্চের টিকিট বিক্রি হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারের জন্য চারটি অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন এবং কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া যাত্রীদের সুবিধার্থে যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে ননএসি কোচের ২৫ শতাংশ আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language