ইসরায়েলের দিকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের

তেল আবিব, ১৪ মার্চ – ইসরায়েলের দিকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এয়ারোস্পেস বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। বার্তা সংস্থা মেহের নিউজ তাদের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার জানিয়েছেন যে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে এক ও দুই টন ওজনের মোট ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, সবগুলো ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই বিষয়ে আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেন, এই সফল অভিযানে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ এয়ারোস্পেস ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানের ছোড়া এই ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় ও শক্তিশালী হামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল মুসাভি আরও উল্লেখ করেন, এখন থেকে ইসরায়েলের আকাশের নতুন একটি অংশও ইরানের নিশানার মধ্যে চলে এসেছে। এর ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬









