সরকারি সুবিধার অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সতর্কতা

ঢাকা, ১৪ মার্চ – যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগসুবিধার অপব্যবহার করলে অনভিবাসী ভিসাধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। দূতাবাসের বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন অথবা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে।
শুধু তাই নয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে তারা ভবিষ্যতে পুনরায় যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এছাড়াও ওই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় দর্শনার্থীদের নিজস্ব যাবতীয় খরচ নিজেদেরই বহন করার পূর্ণ প্রস্তুতি রাখার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬




