পিএসএল ছেড়ে আইপিএলে মুজারাবানি, আইনি ব্যবস্থার পথে ক্ষুব্ধ পিসিবি

হারারে, ১৪ মার্চ – পাকিস্তান সুপার লিগের আসন্ন ২০২৬ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন না জিম্বাবুয়ের তারকা পেসার ব্লেসিং মুজারাবানি। ভারতীয় প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মুজারাবানি ইতোমধ্যে ইসলামাবাদ ইউনাইটেডকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। অন্যদিকে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সও আনুষ্ঠানিকভাবে এই পেসারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। মূলত বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কলকাতা।
২০২৬ সালের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু গত ডিসেম্বরে ভারতের ধর্মীয় উগ্রপন্থীদের দাবির মুখে তাকে ছেড়ে দেওয়ার জন্য দলটিকে নির্দেশ দেয় দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। এই ঘটনার পর মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে এবারের পাকিস্তান সুপার লিগ, যা আইপিএল শুরুর মাত্র দুই দিন আগে মাঠে গড়াবে। এর আগে মুলতান সুলতানসের হয়ে পিএসএল শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে মুজারাবানির। যদিও গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে তিনি কোনো দল পাননি। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ার পর ১ কোটি ১০ লাখ রুপির বিনিময়ে সরাসরি চুক্তিতে মুজারাবানিকে দলে অন্তর্ভুক্ত করে ইসলামাবাদ ইউনাইটেড।
টানা দ্বিতীয়বারের মতো আইপিএল এবং পিএসএল একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়ায় খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে বেশ টানাপোড়েন সৃষ্টি হয়েছে। গত বছরও এমন একটি ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ পেশাওয়ার জালমির হয়ে পিএসএলে খেলার জন্য নির্বাচিত হলেও পরে ইনজুরি বদলি হিসেবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দেন। সেই ঘটনার প্রেক্ষিতে পিএসএল কর্তৃপক্ষ তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল।
মুজারাবানির ক্ষেত্রেও অনুরূপ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে পিএসএল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে। এদিকে মুজারাবানির এমন আকস্মিক সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। তারা এই পেসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ব্লেসিং মুজারাবানি। তার দল জিম্বাবুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছিল। ছয় ম্যাচে ১৩ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি বেশ উপরের দিকে ছিলেন, যার মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়ে চার উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে।
এ এম/ ১৪ মার্চ ২০২৬









