জাতীয়

২৩ থেকে ২৫ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

ঢাকা, ১৩ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। স্মৃতিসৌধ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সার্বিক প্রস্তুতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো একটি তথ্যবিবরণীতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই সময়ে জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা এবং সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এ ছাড়া তথ্য অধিদপ্তরের অপর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার বা ফেস্টুন না লাগাতে সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language