খামেনির মৃত্যুতে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা অনুষ্ঠিত

কলকাতা, ১৩ মার্চ – ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বোলপুরে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী ইবনে আবি তালিবের শাহাদত দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে এই শোক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে হজরত আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি খামেনির মৃত্যুতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
শোক পদযাত্রাটি বোলপুর থানার অন্তর্গত দর্জিপাড়া ইমামবাড়গাহ থেকে শুরু হয়ে লায়েকবাজার খানকা এ কাদেরিয়া প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে মিছিলটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন হজরত সৈয়েদেনা সৈয়দ শাহ্ আলী জওন আল কাদেরী। এছাড়া স্থানীয় বহু ভক্ত ও মুরিদান এতে অংশ নেন। কর্মসূচি শেষে দেশ ও সমগ্র বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতের কাশ্মীর, কর্ণাটক, হায়দ্রাবাদ এবং লখনউসহ বিভিন্ন স্থানে একই ধরনের শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছিল।
এস এম/ ১৩ মার্চ ২০২৬









