সংসদে খালেদা জিয়াসহ ৩১ সাবেক এমপির মৃত্যু*তে শোকপ্রস্তাব গৃহীত

বাংলাদেশ, ১২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশি এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। বৃহস্পতিবার সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকারের পক্ষ থেকে এই শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।
শোকপ্রস্তাবে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর জাতি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে হারিয়েছে। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের গণতান্ত্রিক ধারা রক্ষায় তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন প্রভাবশালী নেতার মৃত্যুতেও জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
একইসঙ্গে অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়। বরেণ্য এই রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আরও রয়েছেন সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, মোস্তফা মোহসীন মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম খন্দকার এবং রমেশ চন্দ্র সেন। অধিবেশনে তাদের জীবনবৃত্তান্ত সংবলিত শোকপ্রস্তাব পাঠ করা হয়।
এরপর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শোকপ্রস্তাবের অনুলিপি প্রয়াত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হবে।
এ এম/ ১২ মার্চ ২০২৬









