ফুটবল

রিয়ালের বড় জয়ের রাতে পেনাল্টি মিস করে সমালোচিত ভিনিসিয়ুস

সান্তিয়াগো বার্নাব্যু, ১২ মার্চ – রিয়াল মাদ্রিদের বড় জয়ের রাতেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ শেষে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করে দলকে চালকের আসনে বসান উরুগুয়ের তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে।

তিন গোলের বড় ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা। স্পট কিক নিতে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু তার নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এরপরই এই ব্রাজিলীয় তারকার পেনাল্টি নেওয়ার ধরন নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল তারকা স্টিভ ম্যাকম্যানামান ভিনিসিয়ুসের পেনাল্টি নেওয়ার কৌশল নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এ ধরনের পেনাল্টি তিনি পছন্দ করেন না। পানেনকা স্টাইলে শট নিলে অবশ্যই গোল করতে হবে। কারণ জোরে শট নিলে গোলরক্ষক তা ঠেকাতে পারেন।

কিন্তু এভাবে শট নেওয়ার মানে হলো নিজেকে প্রদর্শন করা, যা অত্যন্ত বাজে একটি পেনাল্টি ছিল। ম্যাচটি গোলশূন্য থাকলে ভিনিসিয়ুস কখনোই এমনভাবে পেনাল্টি নিতেন না বলেও মন্তব্য করেন ম্যাকম্যানামান।

ভিনিসিয়ুস পেনাল্টি মিস করলেও ম্যাচে রিয়াল মাদ্রিদের আধিপত্য বজায় ছিল। ভালভার্দের হ্যাটট্রিকে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে তিন শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে স্পেনের ক্লাবটি।

এ এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language