মধ্যপ্রাচ্য

আমরা সহজ শিকার নই, ইরানকে ইঙ্গিত করে বললেন আমিরাতের প্রেসিডেন্ট

রিয়াদ, ১২ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রথমবারের মতো জনসমক্ষে কড়া বার্তা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সম্প্রতি মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের চামড়া অনেক পুরু এবং এর মাংস তেতো। আরব আমিরাত কোনো সহজ শিকার নয়। শনিবার সন্ধ্যায় একটি হামলায় আহত পাঁচ বেসামরিক ব্যক্তিকে দেখতে হাসপাতালে যান তিনি। সেখান থেকে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আহতদের মধ্যে রয়েছেন দুজন আমিরাতি এবং ভারত, সুদান ও ইরানের একজন করে নাগরিক। সাম্প্রতিক হামলার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য বিবৃতি। আমিরাতের প্রেসিডেন্ট বলেন, আরব আমিরাত আকর্ষণীয় এবং সুন্দর একটি দেশ। তবে শত্রুদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, এই বাহ্যিক রূপ দেখে যেন কেউ বিভ্রান্ত না হয়। দেশের জনগণ ও প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রবাসীরাও এই দেশের পরিবারের অংশ। সবাইকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, আরব আমিরাত আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবে।

হাসপাতাল পরিদর্শনকালে তিনি সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন। প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের ভালোবাসা ও অবস্থান আরব আমিরাতকে সম্মানিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, এই দেশের প্রতি ভালোবাসা ও অবদান রাখা প্রতিটি মানুষই একেকজন আমিরাতি। পরিশেষে তিনি হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি দৃঢ়তার সাথে জানান, শেখ জায়েদের এই ভূমি ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় অটল থাকবে।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language