ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ১৫০ রকেট, লেবাননে ইসরায়েলি পাল্টা হামলা

তেল আবিব, ১২ মার্চ – লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় দেড় শতাধিক রকেট নিক্ষেপ করেছে। বুধবার সন্ধ্যার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই ব্যাপক রকেট হামলা চালানো হয় বলে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান সমর্থিত এই গোষ্ঠীটি উত্তর ইসরায়েলের হাইফা এবং কিরিয়াত শমনা এলাকা লক্ষ্য করে এই রকেটগুলো ছোড়ে।
আকস্মিক এই হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। অপরদিকে একই দিন রাতে ইসরায়েলি বাহিনী লেবাননজুড়ে ব্যাপক মাত্রায় পাল্টা হামলা চালিয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশনায় ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুত দাহিহ দক্ষিণাঞ্চল এবং সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করে। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে চালানো এই ব্যাপক আগ্রাসনে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। চলমান এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।
এস এম/ ১২ মার্চ ২০২৬









