ইউরোপ

নিরাপত্তাহীনতার জেরে তেহরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

তেহরান, ১২ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে সুইজারল্যান্ড। একই সঙ্গে সেখানকার কূটনৈতিক কর্মীদেরও ইরানের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তেহরানে অবস্থানরত দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

এই কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানায় ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত অলিভিয়ার ব্যাঙ্গার্টারসহ মোট ছয়জন সুইস কূটনীতিক স্থলপথে দেশ ত্যাগ করেছেন এবং বর্তমানে তারা নিরাপদে ইরানের বাইরে অবস্থান করছেন। এর আগে গত ৩ মার্চ আরও চারজন সুইস কর্মী ইরান ছেড়ে যান। বিবৃতিতে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টাপাল্টি হামলার কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

এমন পরিস্থিতিতে দূতাবাসের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সুইজারল্যান্ডের ভূমিকা অব্যাহত থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। দুই দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যোগাযোগের একটি উন্মুক্ত চ্যানেল বজায় রাখার চেষ্টা করবে তারা। ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় তেহরানে অবস্থিত সুইস দূতাবাসই সেখানে বসবাসকারী বা ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য কনস্যুলার সেবা প্রদান করে থাকে।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language