জাতীয়

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার

ঢাকা, ১১ মার্চ – পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে টানা সাত দিন লেনদেন বন্ধ থাকবে। আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি কার্যকর হবে বলে উভয় স্টক এক্সচেঞ্জ সূত্র নিশ্চিত করেছে। পূর্বনির্ধারিত ছুটির মাঝখানে ১৮ মার্চ বুধবার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ডিএসই ও সিএসইতে কোনো ধরনের শেয়ার লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে না।

স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী পবিত্র রমজান মাস ও ঈদের দীর্ঘ ছুটি শেষে দাপ্তরিক সময়সূচি আগের নিয়মে ফিরে আসবে। স্বাভাবিক সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্যদিকে শেয়ার লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন অনুষ্ঠিত হবে। টানা সাত দিনের এই বিরতির পর আগামী ২৪ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে পুনরায় নিয়মিত দাপ্তরিক কার্যক্রম এবং শেয়ার লেনদেন শুরু হবে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language