ব্রাহ্মণবাড়িয়া

ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা করা হয়নি: জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর, ১০ মার্চ – পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পে সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো দল বা রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করা হয়নি। নির্ধারিত কিছু মানদণ্ডের ভিত্তিতেই প্রকৃত উপকারভোগীদের বাছাই করা হয়েছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন, বাঞ্ছারামপুরের মানুষের স্বার্থ সবার আগে নিশ্চিত করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার রক্ত দিয়ে অর্জিত হয়েছে। জনগণের স্বার্থে কাজ করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। একটি বিশেষ দল একজন উপদেষ্টার বক্তব্যকে বিকৃত করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক ভিপি এটিএম মুসা প্রমুখ।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language