জাতীয়

নারীর নিরাপত্তা ছাড়া উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি

ঢাকা, ৮ মার্চ – ঘরে ও বাইরে নারীর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা না গেলে তাদের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নেওয়া নীতিমালার পূর্ণাঙ্গ সুফল পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে আজকের এই দিনে অঙ্গীকার হোক নারী ও কন্যারা যেন আর অবহেলা বা নির্যাতনের শিকার না হন এবং তারা যেন সমান সুযোগ ও মর্যাদা পান। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি যেখানে প্রতিটি নারী নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে এবং নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে গণতন্ত্রের অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করা হয়। তার অনুপস্থিতিতে নাতনি ব্যারিস্টার জাইমা রহমান এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রাষ্ট্রপতি তার বক্তব্যে উল্লেখ করেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল। এছাড়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারী উন্নয়ন উদ্যোগের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নারী শিক্ষার প্রসারে মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর বিষয়গুলো তুলে ধরেন রাষ্ট্রপতি।

তিনি জানান বর্তমান সরকার স্নাতকোত্তর স্তর পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে সহায়তা করতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হবে বলেও ঘোষণা দেন তিনি।

সাইবার বুলিং ও সামাজিক কুসংস্কার রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language