জাতীয়

ইমাম-মুয়াজ্জিনসহ সকল ধর্মের ধর্মগুরুদের মাসিক সম্মানী ভাতা দেবে সরকার

ঢাকা, ৮ মার্চ – নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মগুরুদেরও এই ভাতার আওতায় আনা হবে। রবিবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা জানান, মাসিক ভাতা প্রদানের ক্ষেত্রে প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ থেকে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা। হিন্দু ধর্মের উপাসনালয়ের ক্ষেত্রে প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা থেকে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন।

একইভাবে প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন। খ্রিস্টান সম্প্রদায়ের জন্যও ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি চার্চের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে, যা পালক বা যাজককে ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজককে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language