জাপানের বাজারে খাদ্যপণ্য রফতানিতে উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

ঢাকা, ৮ মার্চ – জাপানের বাজারে বাংলাদেশের খাদ্যপণ্য রফতানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি উল্লেখ করেন যে বিশ্বব্যাপী বর্তমানে খাদ্য নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা উত্তীর্ণ হলে বিদেশে রফতানি প্রক্রিয়া সহজ হবে এবং এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা প্রয়োজন।
রবিবার নিজ দফতরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদের নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে জাইকার অর্থায়নে বাংলাদেশে পরিচালিত ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে দশ বছর মেয়াদি দুই হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার স্থাপন।
পাশাপাশি প্রশিক্ষণ ভবন নির্মাণসহ সক্ষমতা উন্নয়নের নানামুখী পদক্ষেপ নেওয়া হবে যা ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার মান উন্নত করবে। খাদ্যমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিপণন পর্যন্ত প্রতিটি ধাপে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি জাইকাকে এই প্রকল্পে অর্থায়নের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে প্রকল্পটি সফল হলে দেশের খাদ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। বৈঠকে জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ৮ মার্চ ২০২৬









