রমজানে অসাধু উপায়ে পণ্যের দাম না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা, ৭ মার্চ – পবিত্র রমজান মাসে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মন্তব্য করেছেন যে পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম ওলামাদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন রমজান মাস ত্যাগ ও সংযমের মাস হলেও দুঃখজনকভাবে এই সময়ে কেউ কেউ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেন। এই পবিত্র মাসকে লোভ বা অতিরিক্ত মুনাফার মাসে পরিণত না করার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানান।
যাকাত ব্যবস্থাপনা প্রসঙ্গে সরকারপ্রধান উল্লেখ করেন যে দেশে প্রতি বছর প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার যাকাত আদায় হয় বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে সুপরিকল্পিত বণ্টনের অভাবে এই বিপুল অর্থ দারিদ্র্য বিমোচনে কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারছে না। তিনি জানান সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করেছে যাতে একজন গ্রহীতাকে বারবার যাকাত নিতে না হয়।
এতিমদের হকের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন বৈশ্বিক পরিস্থিতির কারণে কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে এ বছর ইফতার আয়োজনে কিছুটা কাটছাঁট করা হয়েছে।
এনএন/ ৭ মার্চ ২০২৬









