জাতীয়

যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে ১০-১৫ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: তারেক রহমান

ঢাকা, ৭ মার্চ – প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত ব্যবস্থা কার্যকর করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব।

শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তারেক রহমান উল্লেখ করেন, দেশে বর্তমানে ধনী ও দরিদ্র মিলিয়ে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এর মধ্যে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর ৫ লাখ পরিবারকে এক লাখ টাকা করে যাকাত দেওয়া হলে, পরবর্তী বছরে তাদের আর যাকাতের প্রয়োজন হবে না। এই প্রক্রিয়ায় দারিদ্র্য বিমোচনে বিত্তবানদের সচেতন করতে আলেম সমাজের ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

যাকাত বোর্ড পুনর্গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকা যাকাত বোর্ডকে শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ঢেলে সাজানো সম্ভব। এটি করা গেলে বাংলাদেশ ইসলামী বিশ্বে একটি মডেল হিসেবে উপস্থাপিত হতে পারে।

তিনি আরও বলেন, গবেষণায় দেখা গেছে দেশে প্রতি বছর ২০-২৫ হাজার কোটি টাকার বেশি যাকাত আদায় হয়, তবে সঠিক বণ্টনের অভাবে তা দারিদ্র্য বিমোচনে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না।

এসময় তিনি রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে ব্যবসায়ীদের সংযত হওয়ার আহ্বান জানান। এছাড়া বৈশ্বিক পরিস্থিতির কারণে কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে এবার ইফতার আয়োজন সীমিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এনএন/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language