জাতীয়

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপ-নির্বাচন: প্রচারণার জন্য ২৩ দিন পাচ্ছেন প্রার্থীরা

ঢাকা, ৭ মার্চ – আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার ও গণসংযোগের জন্য মোট ২৩ দিন সময় পাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৬ মার্চ প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন।

ইসি সূত্রে জানা গেছে শেরপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাসদের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার। গত নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হলেও আইন অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ আপিল নিষ্পত্তি, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহার এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। এরপর ১৬ মার্চ থেকে প্রচারণা শুরু হয়ে চলবে ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

এনএন/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language