জাতীয়

আগামী ৯ মার্চ আরও দুই জাহাজ তেল আসছে, আতঙ্কের কিছু নেই: জ্বালানি মন্ত্রী

ঢাকা, ৭ মার্চ – জ্বালানি তেল নিয়ে জনমনে সৃষ্ট উদ্বেগ নিরসনে অভয় দিয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগামী ৯ মার্চ দেশে আরও দুটি তেলবাহী জাহাজ এসে পৌঁছাবে।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, সাধারণ মানুষের মধ্যে যে ভীতি বা পেনিক কাজ করছে তার কোনো যৌক্তিক ভিত্তি নেই, কারণ দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অহেতুক বিশৃঙ্খলা এড়াতে রবিবার থেকে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট। তিনি আরও উল্লেখ করেন, সরকার বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) শুক্রবার ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ও পরিমাণ নির্ধারণ করে নির্দেশনা জারি করে। উক্ত নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ দুই লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই সীমা ১০ লিটার। এছাড়া এসইউভি বা জিপ এবং মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল সংগ্রহ করতে পারবে। পিকআপ বা লোকাল বাসের জন্য দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল এবং দূরপাল্লার বাস, ট্রাক বা কাভার্ডভ্যানের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল বরাদ্দ রাখা হয়েছে।

এনএন/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language