মধ্যপ্রাচ্য

ইরানি হামলার শঙ্কায় সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাক সেনাপ্রধানের জরুরি বৈঠক

রিয়াদ, ৭ মার্চ – সৌদি আরবের ওপর ইরানি হামলার প্রেক্ষাপটে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সাউদ ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জরুরি বৈঠক করেছেন। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যকার যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর আলোকে সৌদি আরবের ওপর সম্ভাব্য ইরানি হামলার বিষয়টি পর্যালোচনা করেন।

আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড বন্ধ করার উপায় নিয়ে বিশদ কথাবার্তা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, ইরান বিচক্ষণতার পরিচয় দেবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না যা অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বৈঠকে সৌদি আরবের জেনারেল স্টাফ প্রধান ফায়ায আল-রুয়াইলি এবং প্রতিরক্ষামন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন সাইফ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরু করেছে বলে জানা গেছে। এর জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি বা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রয়েছে, সেখানেও ইরান হামলা অব্যাহত রেখেছে। ফলে এই সংঘাত বর্তমানে ওই অঞ্চলের ১৪টি দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language