হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও পিকআপসহ আটক ৩

চাঁদপুর, ৭ মার্চ – চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জাব্বার।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে কুমিল্লা থেকে একটি ডাকাতদল পিকআপযোগে হাজীগঞ্জ বাজারে ডাকাতির উদ্দেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাতেই চাঁদপুর ও কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ববাজার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।
রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে টাটা ব্র্যান্ডের একটি নীল রঙের ছোট পিকআপ থামানো হলে ভেতরে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে এএসআই দিলীপ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ তিনজনকে আটক করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. জাহেদ ওরফে জাহিদ, কুমিল্লার মুরাদনগর থানার খুরুইল গ্রামের মৃত খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন এবং একই জেলার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. মহসীন মিয়া।
আটক করার সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো রামদা, একটি চাপাতি, একটি ছুরি, একটি টাটা ব্র্যান্ডের নীল রঙের পিকআপ, একটি লোহার কাটার, তিনটি লোহার রড, একটি লোহার শাবল, তিনটি পুরোনো সুতি গামছা, পাঁচটি ব্লেড এবং তিনটি কালো রঙের মাস্ক উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জাব্বার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।
এম ম/ ৭ মার্চ ২০২৬









