হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিল ইরান

তেহরান, ৭ মার্চ – হামলা ও পাল্টা হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ঘোষণা করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক এই জলপথে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে এসব দেশের মিত্র বা সমর্থকদের জাহাজের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র নয় এমন দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা নেই। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট। বিশ্বের মোট তেল ও এলপিজিবাহী জাহাজের প্রায় ২০ শতাংশই এই পথ ব্যবহার করে।
মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথেই তেল রপ্তানি করে বলে একে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়। সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরানও পাল্টা জবাব দেয়। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের নাবিকদের সতর্ক করে আইআরজিসি। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্যমতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এস এম/ ৭ মার্চ ২০২৬









