মধ্যপ্রাচ্য

যুদ্ধের মধ্যেই পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন পুতিন, জানালেন শোক

ওয়াশিংটন, ৭ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র সংঘাতের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান এবং মধ্যপ্রাচ্য ঘিরে সৃষ্ট সংকট সমাধানে অবিলম্বে সংঘর্ষ বন্ধের ওপর জোর দিয়েছেন পুতিন। তিনি শক্তি প্রয়োগের পথ পরিহার করে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়ার বিষয়ে রাশিয়ার নীতিগত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ক্রেমলিন আরও জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পুতিন উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।

সংকটকালীন সময়ে রাশিয়ার সমর্থনের জন্য মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি ইরানের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় লড়াইরত ইরানি জনগণের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। এছাড়া চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে পুতিনকে বিস্তারিত অবহিত করেন তিনি। ক্রেমলিন নিশ্চিত করেছে যে, উভয় পক্ষ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক হামলা শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাপ্ত তথ্যমতে, হামলায় এখন পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা এবং শীর্ষ সামরিক কর্মকর্তারাও রয়েছেন। এর জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা কিছু আরব দেশকে লক্ষ্যবস্তু করেছে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language