মধ্যপ্রাচ্য

আমিরাতের ব্যাংকে রক্ষিত ইরানের সম্পদ জব্দ করার পরিকল্পনা

আবুধাবি, ৬ মার্চ – সংযুক্ত আরব আমিরাত তাদের কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংকে গচ্ছিত ইরানের সম্পদ জব্দ করার পরিকল্পনা করছে।

গতকাল সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারে না। ফলে দেশটি বাণিজ্যিক লেনদেনের জন্য ভুয়া বা কল্পিত কোম্পানির নামে নিবন্ধন করে ব্যাংক হিসাব পরিচালনা করে। নিষেধাজ্ঞার মধ্যেও ইরান এভাবেই রিজার্ভের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে আসছে। দীর্ঘ সময় ধরে আমিরাত ইরানের অন্যতম বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত এবং আবুধাবির সঙ্গে তেহরান এই পদ্ধতিতেই বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত সরকার এখন ওইসব ভুয়া কোম্পানির ব্যাংক হিসাবগুলো জব্দ করতে চাইছে। বিশেষ করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো সবার আগে বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আমিরাতের কর্মকর্তারা বিষয়টি নিয়ে ইরানকে অনানুষ্ঠানিকভাবে সতর্কবার্তা দিয়েছেন। তবে আমিরাত কবে নাগাদ এই পদক্ষেপ কার্যকর করবে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এনএন/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language