হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিতে ইরানের সঙ্গে চীনের আলোচনা

ওয়াশিংটন, ৬ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছে চীন। তিনটি কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সংঘাত সপ্তম দিনে গড়ানোয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়েছে।
চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির মোট তেল আমদানির প্রায় ৪৫ শতাংশই এই প্রণালী দিয়ে আসে। তাই বেইজিং তেহরানের ওপর চাপ সৃষ্টি করছে যাতে অপরিশোধিত তেল ও কাতারের এলএনজি ভেসেলগুলো নিরাপদে চলাচল করতে পারে। জাহাজ ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, আয়রন মেইডেন নামের একটি জাহাজ সংকেত পরিবর্তন করে নিজেকে চীনা মালিকানাধীন হিসেবে দেখানোর পর প্রণালীটি অতিক্রম করতে সক্ষম হয়েছে। সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে।
ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে হামলা চালানোর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সাইপ্রাস, আজারবাইজান ও তুরস্ক পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। এতে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। দুবাইভিত্তিক আল খালিজ সুগারের একজন কর্মকর্তা জানান, কিছু চিনি বহনকারী জাহাজকে যেতে দেওয়া হলেও অন্যগুলোকে আটকানো হচ্ছে। এর আগে ইরান জানিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের জাহাজ চলতে দেবে না, তবে চীনের বিষয়ে তখন স্পষ্ট কিছু বলা হয়নি।
এস এম/ ৬ মার্চ ২০২৬









