ট্রাম্পের ‘প্ল্যান বি’ আরও ভয়াবহ পরাজয় ডেকে আনবে: ইরানের হুঁশিয়ারি

তেহরান, ৬ মার্চ – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের দ্রুত এবং পূর্ণাঙ্গ বিজয়ের তথাকথিত ‘প্ল্যান এ’ ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। এখন ওয়াশিংটন যদি ‘প্ল্যান বি’ নিয়ে অগ্রসর হয়, তবে তা তাদের জন্য আরও ভয়াবহ পরাজয় বয়ে আনবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের এই শীর্ষ কূটনীতিক ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, সামরিক পন্থায় দ্রুত বিজয়ের যে ছক যুক্তরাষ্ট্র কষেছিল তা সফল হয়নি। আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ থাকলেও ‘আমেরিকা লাস্ট’ চক্রের বাধায় তা নস্যাৎ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
আরাগচি দ্ব্যর্থহীন ভাষায় জানান, ‘ইসরায়েল ফার্স্ট’ নীতি কার্যত যুক্তরাষ্ট্রের জন্য ‘আমেরিকা লাস্ট’ বা নিজেদের স্বার্থ জলাঞ্জলি দেওয়ারই নামান্তর। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প পরিকল্পনা বা চাপের মুখে তেহরান মাথা নত করবে না বরং তা মার্কিন স্বার্থের জন্যই বুমেরাং হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এস এম/ ৬ মার্চ ২০২৬









