ইরানে হামলায় কুর্দিদের উৎসাহ ট্রাম্পের, যুদ্ধে নিহতের সংখ্যা ছাড়াল ১২০০

তেহরান, ৬ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকি কুর্দি বাহিনীকে প্রকাশ্যে উৎসাহ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় খুব দ্রুত নতুন কৌশল ও অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এর মাঝেই কুর্দি বাহিনীকে মার্কিন সেনাদের প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। শুক্রবার ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় আকারের হামলা শুরু করেছে।
এর পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইরান। কাতার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ইরানের দিক থেকে রাতের আঁধারে আল উদেইদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ‘রাইসিনা ডায়ালগ’ সম্মেলনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ মন্তব্য করেছেন যে, এটি ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেখান থেকেই মার্কিন হামলা আসবে সেখানেই কঠোর জবাব দিতে বাধ্য থাকবে তেহরান। ইরাকি কুর্দি বাহিনীর ইরানে হামলার সম্ভাবনার বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, তারা যদি এটি করতে চায় তবে তা খুবই ইতিবাচক হবে এবং তিনি এর পক্ষে রয়েছেন।
এছাড়া গত সপ্তাহে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতৃত্ব নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক লক্ষ্যবস্তু বাড়াচ্ছে না বরং তাদের মূল লক্ষ্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং পারমাণবিক অস্ত্র তৈরি প্রতিহত করা। এদিকে লেবাননের ইরানপন্থি সংগঠন হিজবুল্লাহ সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলি শহরগুলো খালি করার নির্দেশ দিয়েছে। সাত দিনব্যাপী এই সংঘাতে ইরানে এখন পর্যন্ত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি, যার মধ্যে একটি স্কুলে হামলায় ১৭৫ জন শিক্ষার্থী ও কর্মী প্রাণ হারিয়েছেন। পাশাপাশি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে।
এস এম/ ৬ মার্চ ২০২৬









