মধ্যপ্রাচ্য

যুদ্ধের হুমকির মধ্যেই সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু করছে ইরান

তেহরান, ৬ মার্চ – মার্কিন ও ইসরায়েলি হামলার আশঙ্কার মধ্যেই ধীরে ধীরে প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রবিবার থেকে তেহরান প্রদেশের সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও নির্বাহী দপ্তরে ২০ শতাংশ কর্মী সশরীরে উপস্থিত থেকে দাপ্তরিক কাজ পরিচালনা করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, প্রদেশের সব নারী কর্মী ভার্চুয়ালি তাদের দায়িত্ব পালন করবেন।

ব্যাংকগুলো খোলা থাকলেও কার্যক্রম চলবে সীমিত পরিসরে। তবে সেবা প্রদানকারী সংস্থার অপারেশনাল ইউনিট, পৌরসভা, চিকিৎসা কেন্দ্র এবং সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর এই নিয়ম প্রযোজ্য হবে না। নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে যে তেহরান প্রদেশের ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার সুযোগ থাকবে না এবং তাদের অবশ্যই কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। অন্যদিকে লন্ডনে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার অভিযোগে এক ইরানি নাগরিক এবং তিনজন দ্বৈত ব্রিটিশ-ইরানি নাগরিককে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

বিবিসি জানিয়েছে যে লন্ডনে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ও ব্যক্তির ওপর সম্ভাব্য নজরদারির অভিযোগের তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বার্নেট থেকে ৪০ ও ৫৫ বছর বয়সী দুইজন, ওয়াটফোর্ড থেকে ৫২ বছর বয়সী একজন এবং হ্যারো থেকে ২২ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। এছাড়া অপরাধে সহায়তা করার সন্দেহে হ্যারো এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এস এম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language