জাতীয়

পুলিশ প্রশাসনে রদবদল: ১০ কর্মকর্তাকে বদলি, ৬ জেলায় নতুন এসপি

ঢাকা, ৪ মার্চ – পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জনস্বার্থে এই আদেশ দেওয়া হয়।

বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। বদলি হওয়া এই কর্মকর্তাদের মধ্যে ছয়জন বিভিন্ন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহের এসপি মিজানুর রহমানকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে ময়মনসিংহের নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপকমিশনার কামরুল হাসান। এছাড়া বগুড়ার এসপি শাহাদাত হোসেনকে এপিবিএনে এবং খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় বদলি করা হয়েছে। খাগড়াছড়ি জেলার নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকার।

একই আদেশে সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করে সেখানে জামালপুরের এসপি চৌধুরী যাবের সাদেককে নিয়োগ দেওয়া হয়েছে। জামালপুর জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপকমিশনার ফারহানা ইয়াসমিন।

অন্যদিকে বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে মঙ্গলবারও পুলিশ প্রশাসনে রদবদল আনা হয়েছিল। ওই আদেশে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি করা হয়।

এছাড়া এপিবিএন ৫ এর অধিনায়ক মোহাম্মদ হারুন অর রশীদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language