রোগী সেজে মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী

মাদারীপুর, ৪ মার্চ – সাধারণ রোগী সেজে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সকালে তিনি বহির্বিভাগের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে সাধারণ রোগীর মতো চিকিৎসা নিতে যান।
এরপর তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসকরা নির্ধারিত সময়ে উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে কি না, সে বিষয়ে তিনি খোঁজখবর নেন। জরুরি বিভাগ পরিদর্শনকালে এমপি জাহান্দার আলী মিয়া সেবার মান ও রোগীদের দ্রুত চিকিৎসা প্রাপ্তির বিষয়টি তদারকি করেন। পাশাপাশি তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার মান, খাবারের গুণগত মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে তাদের সন্তুষ্টির কথা জানতে চান।
পরিদর্শন শেষে সংসদ সদস্য জানান, তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষ যাতে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই ঝটিকা সফর। হাসপাতালের সামগ্রিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএএস/ ৪ মার্চ ২০২৬









