জাতীয়

যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ব্যবহার করলেও ইরান ভীত নয়: ঢাকায় রাষ্ট্রদূত

ঢাকা, ৪ মার্চ – ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় তবুও ইরান ভীত নয়। ইরান শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইরানের সাম্প্রতিক পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতি এবং মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তব্যের শুরুতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাকে মুজাহিদ মহান নেতা হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, এই যুদ্ধ চলাকালেও সর্বোচ্চ নেতা কোথাও আশ্রয় নেননি বরং জনগণের সঙ্গেই ছিলেন। ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে এমন নেতাও দেখা গেছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জনগণকে রেখে পালিয়ে গিয়েছিলেন এবং পরে নিহত হন। কিন্তু খামেনি জনগণের মাঝেই শাহাদাত বরণ করেছেন। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে রাষ্ট্রদূত বলেন, আমেরিকা চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকে।

তারা চায় পরমাণু কর্মকাণ্ড কেবল তাদের নিয়ন্ত্রণেই থাকুক, ইরান যেন তা না করতে পারে। চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, চীনের সঙ্গে ইরানের এমন কোনো প্রতিরক্ষা চুক্তি নেই যার বলে তারা এই পরিস্থিতিতে সরাসরি পাশে এসে দাঁড়াবে। তবে রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক চুক্তির মাধ্যমে ইরান অস্ত্র সংগ্রহ করেছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমেরিকা ইতিমধ্যে দুইবার পারমাণবিক বোমা ব্যবহার করেছে। তৃতীয়বারও তারা এটি করতে পারে। কিন্তু আমরা শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত এবং মাথা নত করব না।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের অবস্থানের প্রশংসা করেন ইরানি রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে যে সহমর্মিতা জানিয়েছে তার জন্য ইরান কৃতজ্ঞ। এছাড়া ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে ইরান সরকার প্রস্তুত রয়েছে।

এসএএস/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language