যুদ্ধকালীন পদক্ষেপে সব ধরনের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান

তেহরান, ৩ মার্চ – যুদ্ধকালীন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব ধরনের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের খাদ্যদ্রব্য ও কৃষিজাত পণ্য রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুদ নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যেই এমন কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১২ ডলারে পৌঁছেছে যা গত জুলাই মাসের পর সর্বোচ্চ।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই সূচকে তেলের দাম ৭ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ৪৭ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘমেয়াদি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও ভয়াবহ সংকট তৈরি হতে পারে।
এনএন/ ৩ মার্চ ২০২৬









