মধ্যপ্রাচ্য

ইরানে কাতারের হামলা, সৌদির পাল্টা জবাবের শঙ্কা: দাবি ইসরায়েলি গণমাধ্যমের

 দোহা , ৩ মার্চ – উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার। গত চব্বিশ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে কাতারের সামরিক বাহিনী এই হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র জানিয়েছে, কাতারের এই পদক্ষেপের পর সৌদি আরবও শিগগিরই ইরানে হামলা শুরু করতে পারে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, গতকাল ইরানের হামলার শিকার হওয়ার পর সৌদি আরবও পাল্টা জবাব দেবে বলে ইসরায়েল ধারণা করছে। এদিকে, ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, গত কয়েক দিনে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে এর বেশিরভাগই লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করা সম্ভব হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে গত চারদিন ধরে ইরানের হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এই পদক্ষেপ নিচ্ছে তেহরান। এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

এসএএস/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language