মধ্যপ্রাচ্য

অপহৃত ১৩ তুর্কির মৃত্যুদণ্ড কার্যকর করেছে জঙ্গিরা: তুরস্ক

আঙ্কারা, ১৫ ফেব্রুয়ারি – নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) জঙ্গিরা অপহৃত ১৩ তুর্কির মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে তুরস্ক।

উত্তর ইরাকের একটি গুহায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে রোববার তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন।

তারা জানান, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে সেনা ও পুলিশ সদস্যরাও রয়েছেন।

পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযান চলার মধ্যেই এমন ঘটনা ঘটলো। গত ১০ ফেব্রুয়ারি ইরাকের উত্তরাঞ্চলীয় গারা অঞ্চলে পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এক বিবৃতিতে জানান, সামরিক অভিযান চলাকালে ৪৮ জন পিকেকে জঙ্গি নিহত হয়েছেন। অন্যদিকে তুরস্কের তিন সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন : ইরান সীমান্তে ভস্মীভূত আফগানিস্তানের ৫০০ ট্যাংকার

তিনি জানান, অপহৃত তুর্কিদের মধ্যে ১২ জনকে মাথায় ও একজনকে কাঁধে গুলি করে মারা হয়েছে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মালাটিয়া প্রদেশের গভর্নর জানিয়েছেন, ওই গুহায় নিহতদের মধ্যে ছয়জন সেনা ও দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন যাদের ২০১৫ ও ২০১৬ সালে দুটি পৃথক ঘটনায় অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

নিহতদের মধ্যে তুরস্কের গোয়েন্দা কর্মীরাও রয়েছেন বলে দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে পিকেকের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় সংঘর্ষ চলাকালে তাদের কাছে থাকা কিছু বন্দি মারা গেছেন যাদের মধ্যে তুরস্কের গোয়েন্দা, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন।

তারা কখনও কোনো বন্দিকে আঘাত করেনি বলে দাবি করেছে গোষ্ঠীটি।

পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। তারপর থেকে ওই অঞ্চলে তুরস্কের নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

সূত্র : সমকাল
এন এইচ, ১৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language