তেহরানে নবম দফায় ইসরায়েলের ব্যাপক হামলা, ক্ষতিগ্রস্ত বিশেষজ্ঞ পরিষদের ভবন

তেহরান, ৩ মার্চ – ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের এই সামরিক অভিযান চতুর্থ দিনে গড়িয়েছে এবং বর্তমানে নবম দফার হামলা চলছে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তেহরানে ইরানি শাসকগোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তাদের বিমান বাহিনী নতুন এই অভিযান পরিচালনা করছে। এর আগে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল যে ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পরিষদের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের দক্ষিণে কোম শহরে অবস্থিত ওই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের ভবনে মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে ভবনটির মারাত্মক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। উল্লেখ্য যে, গত শনিবার মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর পর থেকেই অঞ্চলটিতে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং ধারাবাহিকভাবে এই বিমান হামলা চলছে।
এসএএস/ ৩ মার্চ ২০২৬









