জাতীয়

মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, উন্নয়ন সহায়তা নিয়ে আলোচনা

ঢাকা, ৩ মার্চ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ এবং পল্লী উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই এ বিষয়গুলোকে দুই দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন।

আলোচনায় গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায় এবং তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন মন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার।

এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা উল্লেখ করেন যে ভারত ও বাংলাদেশের সম্পর্ক মূলত দুই দেশের জনগণের গভীর বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। তিনি বলেন পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে ভারত প্রস্তুত রয়েছে। এছাড়া ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন তিনি।

এনএন/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language