মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও আমিরাতে ইরানের ব্যাপক হামলা, আলোচনার প্রস্তাব নাকচ ট্রাম্পের

 তেহরান ৩ মার্চ – ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এবং দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় পড়লে কিছু ক্ষয়ক্ষতি হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর তেহরান আলোচনার প্রস্তাব দিয়েছিল।

তবে এখন আলোচনার সময় পার হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহী এবং তিনিও এতে সম্মত ছিলেন। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আমিরাতজুড়ে ইরানের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর, এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান এই পাল্টা আক্রমণ চালাচ্ছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আমিরাত লক্ষ্য করে মোট ১৮৬টি ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। এছাড়া ১৩টি ক্ষেপণাস্ত্র সমুদ্রে পতিত হয়েছে এবং একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

এসএএস/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language