ময়মনসিংহ

আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে নীতিমালার আওতায় আনা হবে তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ, ২৬ ফেব্রুয়ারি – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গত ১৭ বছর ধরে মন্ত্রণালয়টি ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে পরিচালিত হয়েছে। সে সময় কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।

তবে বর্তমান সময়ে সবকিছু যথাযথ নিয়ম মেনেই পরিচালিত হবে। দেশের আইপি টিভি ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় নিয়ে আসার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, যারা শুধুমাত্র একটি মোবাইল ফোন সম্বল করে অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদেরকেও সরকারি নীতিমালা মেনে সাংবাদিকতা করতে হবে।

তিনি স্পষ্ট করেন যে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। কারণ প্রধানমন্ত্রী মনে করেন গণতন্ত্রের বিকাশে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। প্রেস ক্লাবে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।

সেখানে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language