নোয়াখালী

হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষে পুলিশসহ আহত ৫০, এলাকায় উত্তেজনা

নোয়াখালী, ২৬ ফেব্রুয়ারি – নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ সংঘর্ষ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা থাকলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, বুধবার সকালে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। প্রকল্প বাজারে কয়েকটি ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

এমপি হান্নান মাসউদ অভিযোগ করেন, স্থানীয় বেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে তার গাড়িবহরে পেছন থেকে হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

অন্যদিকে চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান দাবি করেন, এমপি হান্নান মাসউদ উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর তার দলের নেতাকর্মীরা বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর শুরু করলে স্থানীয় জনতা প্রতিরোধ গড়ে তোলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, সংঘর্ষে পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ ও উপপরিদর্শক শহীদুল ইসলাম আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language