বরিশালে এজলাসে হট্টগোল ও ভাঙচুর: বিএনপিপন্থী ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা

বরিশাল, ২৫ ফেব্রুয়ারি – বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে আদালতে হট্টগোল, বিচারকাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় ২০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে এই মামলাটি করেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে এই মামলাটি করেছেন। এতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকনকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিমউদ্দিন পান্না, সাবেক সভাপতি মহসিন মন্টু, মিজানুর রহমান, আব্দুল মালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, মহানগর দায়রা জজ আদালতের এপিপি ও সাবেক ছাত্রদল সভাপতি তারেক আল ইমরান, ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন এবং বসিরউদ্দিন সবুজ।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি একটি মামলার আসামির জামিন শুনানিকে কেন্দ্র করে বরিশালের মুখ্য ও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জনের ঘোষণা দেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় তারা বিচারকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। ওইদিন দুপুর আড়াইটার দিকে তারা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তুল্লাহর এজলাসে প্রবেশ করে শুনানিরত আইনজীবীদের বাধা দেন এবং হুমকি প্রদর্শন করেন। অভিযোগে আরও বলা হয়, সভাপতি সাদিকুর রহমান লিংকনের নির্দেশে এজলাসে উপস্থিত আইনজীবীদের বের করে দেওয়া হয় এবং একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এছাড়া আদালতের জিআরও এবং কোর্ট পরিদর্শককে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি ডায়াসের মাইক্রোফোন, এজলাসের আসবাবপত্র ভাঙচুর ও মামলার নথিপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









