হাতিয়ায় এমপির গাড়িবহরে হামলা ও ককটেল বিস্ফোরণ, এলাকা রণক্ষেত্র

নোয়াখালী, ২৫ ফেব্রুয়ারি – নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এই হামলার শিকার হন তিনি। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। হামলায় সংসদ সদস্যের অনুসারী অন্তত ১০ জন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এমপি আবদুল হান্নান মাসউদ দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়িবহরে থাকা মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে এমপি আবদুল হান্নান মাসউদ এবং তার নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে স্থানীয় সড়কে অবস্থান নেন। এ বিষয়ে সংসদ সদস্য অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এছাড়া নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









