নাটোর

একুশে পদক পাচ্ছেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ও গবেষক প্রফেসর ড. আব্দুস সাত্তার

নাটোর, ২৫ ফেব্রুয়ারি – বিশ্ববরেণ্য চারুকলার শিক্ষক, বিশিষ্ট লেখক এবং গবেষক প্রফেসর ড. আব্দুস সাত্তার এবারের একুশে পদক পেতে যাচ্ছেন। আগামীকাল রাজধানীতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তাঁর হাতে তুলে দেওয়া হবে। ১৯৪৭ সালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকবড়াইগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৭৩ সালে তিনি ওরিয়েন্টাল আর্ট বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষাজীবনে তিনি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলা, ছাপচিত্র এবং ভাস্কর্যের ওপর দুই বছর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এবং ব্রুকলিনের প্রাট ইনস্টিটিউট থেকে ছাপচিত্রের ওপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

বাংলাদেশের নতোন্নত কাঠখোদাই শিল্পের ওপর গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি প্রফেসর হিসেবে সপ্তাহে দু’দিন পাঠদান অব্যাহত রেখেছেন।

শিল্পকলা ছাড়াও নন্দনতত্ত্ব বিষয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণা করেন। জাতীয় দৈনিকগুলোতে এ সংক্রান্ত তাঁর অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিল্পকলার ওপর তাঁর রচিত ২৬টি গ্রন্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘বাংলাদেশের নতোন্নত দারুশিল্প’, ‘শিক্ষা সংস্কৃতি রাজনীতি’, ‘অলংকার’, ‘বাংলার শাসক জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও গ্রাফিতির বিপ্লব’ এবং ‘১২৫ বিশ্বসেরা প্রিন্টমেকার’ ইত্যাদি।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language