ধর্ম

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ, সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা

বায়তুল মোকাররম, ২৫ ফেব্রুয়ারি – ইসলামিক ফাউন্ডেশন চলতি বছরের সাদাকাতুল ফিতর বা ফিতরার হার নির্ধারণ করেছে। এবার জনপ্রতি ফিতরার সর্বনিম্ন পরিমাণ ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে ইসলামী শরিয়াহ অনুযায়ী আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটির মাধ্যমে ফিতরা আদায় করা যাবে। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা প্রদান করতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৫৯৫ টাকা ধরা হয়েছে।

আরও পড়ুন ::

খেজুরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৪৭৫ টাকা এবং কিসমিসের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পনির দিয়ে ফিতরা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা প্রদান করতে হবে।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

উল্লেখ্য যে দেশের বিভিন্ন অঞ্চলে এসব পণ্যের স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য থাকতে পারে এবং সেক্ষেত্রে স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language