জাতীয়

জানুয়ারিতে ২২১৬ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – চলতি বছরের জানুয়ারি মাসে আদালতের বিভিন্ন আদেশের পরিপ্রেক্ষিতে দেশে ও বিদেশে মোট ২ হাজার ২১৬ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। কমিশনটির প্রধান কার্যালয়ের প্রকাশিত মাসিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের ২৯টি আদেশের ভিত্তিতে স্থাবর ও অস্থাবর সম্পদের এই তালিকা কমিশনে উপস্থাপন করা হয়েছে।

এর মধ্যে ২২টি আদেশের মাধ্যমে সম্পদ ক্রোক এবং ১১টি আদেশের মাধ্যমে সম্পদ অবরুদ্ধ করা হয়। মাসিক প্রতিবেদন অনুযায়ী দেশের ভেতরে ৬৯ দশমিক ২৬ একর জমি, ৪টি ভবন, ৬টি ফ্ল্যাট, ২টি দোকান, ১টি বাণিজ্যিক স্পেস, ১টি এফডিআর, ৬টি গাড়ি ও ১টি বীমা পলিসি ক্রোকের তালিকায় রয়েছে। সব মিলিয়ে দেশে ক্রোক করা সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে ৪৪ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা। এছাড়া ৭৯টি ব্যাংক ও সঞ্চয়ী হিসাবে মোট ৮ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৯১৩ টাকা স্থিতি পাওয়া গেছে। পাশাপাশি ২টি বিও হিসাব ও ১২ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

অন্যদিকে বিদেশেও বিপুল পরিমাণ স্থাবর সম্পদ ক্রোক করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৪৪টি ফ্ল্যাট, ফিলিপাইনে ২টি এবং ভারতে ৯টি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও মালয়েশিয়ায় ৪৭টি বাণিজ্যিক স্পেস, কম্বোডিয়ায় ১১৭টি সম্পদ, থাইল্যান্ডে ২৩টি এবং সংযুক্ত আরব আমিরাতে ৫৯টি সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। বিদেশে ক্রোক ও অবরুদ্ধ এসব স্থাবর সম্পদের মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ২১৬ কোটি ৬৮ লাখ টাকা। এছাড়াও ৪৬৭ জন ব্যক্তির বিরুদ্ধে ৭৬টি মামলা এবং ১১০ জন ব্যক্তির বিরুদ্ধে ৩৬টি চার্জশিট দাখিল করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ উপায়ে অর্জিত সম্পদ চিহ্নিতকরণ ও জব্দের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language