ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অর্থসংকট ও অব্যবস্থাপনায় শুরুর আগেই হোঁচট

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সরকারের আমলে অনুমোদিত বহু পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনো শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে শিক্ষার্থীদের দাবির মুখে রাজধানীর সাতটি বড় কলেজকে কেন্দ্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা হয়েছে। তবে শুরুর আগেই বড় ধরনের অর্থসংকটের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়টিকে পুরোপুরি সচল করতে অন্তত এক হাজার কোটি টাকার প্রয়োজন, যা বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই বিশ্ববিদ্যালয়টি অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে গঠিত হচ্ছে। রাজধানীর সাতটি কলেজের স্বাতন্ত্র্য বজায় রেখে সেগুলোকে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হিসেবে দেখানো হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তির বিধান রাখা হয়েছে। তবে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন প্রতিষ্ঠানই মান নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, সেখানে নতুন এই কাঠামো কতটুকু কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র জানায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও সচিব রেহেনা পারভীন। অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রশাসনিক দক্ষতা না থাকায় নতুন উপাচার্যের অধীনে শুরুতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সদ্য বদলি হওয়া শিক্ষাসচিব চলতি অর্থবছরে অন্য খাত থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দের চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি চলে যাওয়ায় এবং আগামী অর্থবছরের হাজার কোটি টাকার প্রকল্প পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায়, নতুন উপাচার্য কার্যত তহবিলবিহীন অবস্থায় রয়েছেন। এদিকে সাত কলেজে গত শিক্ষাবর্ষে দশ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হলেও চলতি বর্ষের কার্যক্রম এখনো শুরু হয়নি। ফলে শিক্ষার্থীদের পরিচয় ও শিক্ষাজীবন নিয়ে জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও প্রশাসনিক ও একাডেমিক নানা জটিলতা লেগেই ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে কলেজগুলোকে ঢাবি থেকে আলাদা করার সিদ্ধান্তের পর ৯ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারি হয়। নতুন এই বিশ্ববিদ্যালয়ে অনুষদের পরিবর্তে ‘স্কুল’ ব্যবস্থা চালু থাকবে এবং অধিভুক্তির বদলে কলেজগুলোকে ‘সংযুক্ত’ মর্যাদা দেওয়া হবে। ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ বিষয়ে বলেন, কলেজগুলোর ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখা জরুরি। নতুন বিশ্ববিদ্যালয়টি যেন শুধু পরীক্ষা নেওয়ার যন্ত্র না হয়ে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখে, সেটাই আমাদের প্রত্যাশা।
এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









